নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
রাজশাহী নগরী থেকে নিখোঁজ হওয়া স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী। নিখোঁজ এই ব্যক্তির নাম আজিজ শেখ। তিনি পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাবরক্ষক ছিলেন।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে দশটায় বহরমপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা খাতুন। তিনি বলেন, তার স্বামী ভোলা রোগে আক্রান্ত। তিনি কোন কিছুই মনে রাখতে পারেন না। এই রোগের কারণে বর্তমানে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।
তিনি জানান, সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে তিনি নিখোঁজ আছেন। তার বয়স ৫৮ বছর। গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মুখে সাদা দাড়ি আছে। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রঙের ফতুয়া গ্রামীণ চেকের ট্রাউজার ছিল। তিনি কথা বলতে পারেন না।
তাসলিমা খাতুন বলেন, প্রতিদিন কলেজে যাওয়ার আগে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বহরমপুর রেল লাইন সংলগ্ন চায়ের দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তার স্বামী চা পান করে প্রতিদিন বাড়ি চলে আসেন। সেদিনও তিনি ৮টা ৫০ মিনিটের দিকে তাকে একই স্থানে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে তিনি জানতে পারেন তার স্বামী বাড়িতে ফেরেননি। সেই থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা নগরীর প্রতিটি স্থান, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও মঙ্গলবার থেকে তার সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে মাইকিং করছেন। যা চলমান রয়েছে।
তিনি বলেন, তাদের কোন শত্রু নেই। এরপরেও এটা কিভাবে হলো বুঝে উঠতে পারছেন না। যদি কেউ তাকে অপহরণ করেও থাকে তাহলে তাদেরকে মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে তার স্বামীকে ফেরত নিয়ে আসবেন বলে আকুতি জানান।
তিনি আরও বলেন, কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। সন্ধান দিলে তাকে পুরস্কৃত করবেন বলেও উল্লেখ করেন তিনি। যোগাযোগের ঠিকানা বহরমপুর ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন। মোবাইল নম্বর : ০১৭১৮-৩০৮০৬৫।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমতারা খাতুন এবং নাতনি নাইস খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য।