রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চারঘাটে কমিউনিটি ক্লিনিকে নেই ওষুধ, সংকট জনবলের

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট ১৩ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট ১৩ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
চারঘাটে কমিউনিটি ক্লিনিকে নেই ওষুধ, সংকট জনবলের

চারঘাট উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো দীর্ঘদিন ধরে ওষুধ সংকট এবং অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় ওষুধ ও সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষরা। বিশেষ করে গ্রামের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্য চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে তিনজন করে স্বাস্থ্যকর্মী সেবা প্রদানের জন্য নিয়োজিত রয়েছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে রয়েছে এক থেকে দুইজন।  


কমিউনিটি ক্লিনিকগুলো সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৭ মাস থেকে নেই ক্লিনিকগুলোতে কোন ওষুধ। জ¦র, কাশি, সর্দি, গ্যাস্টিক, ব্যাথানাশকসহ ২২ রকমের ওষুধ থাকার কথা এই কমিউনিটি ক্লিনিকগুলোতে। ওষুধ না থাকায় এই রোগিদের বাইরে থেকে অতিরিক্ত খরচ করে প্রয়োজনীয় ওষুধগুলো কিনতে হচ্ছে। এতে অনেক পরিবারকে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। 


সরেজমিনে নিমপাড়া ও ভায়ালক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের পরে ক্লিনিকগুলো বন্ধ দেখা গেছে। কোথাও স্বাস্থ্যকর্মী অনুপস্থিত আবার কোথাও কোথাও একজন কর্মী দিয়ে পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ঘুরে চলে যাচ্ছেন। 


ভায়ালক্ষীপুর ইউনিয়নের  গ্রামের বাসিন্দা সালেহা বেগম জানান, নিয়মিত ক্লিনিক খোলা না থাকায় জরুরি সময়ে স্বাস্থ্যসেবা নেয়া কঠিন হয়ে গেছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। 


ভায়ালক্ষীপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামরোজ সুলতানা জানান, গত সেপ্টেম্বর মাসে সবশেষ ওষুধ পেয়েছি। এরপর থেকে আর ওষুধ সরবরাহ নেই। ফলে রোগিদের চাপ ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি জনবল সংকট থাকায় একাধিক দ্বায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ক্লিনিক বন্ধ রাখতে হয়। 


স্থানীয়রা বলছেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপুর্ণ অংশ। প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌছে দিতে গড়ে তোলা হয়েছিল এই কমিউনিটি ক্লিনিক। কিন্তু পর্যাপ্ত জনবল ও নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত না হওয়ায় কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষরা। তাই দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত, নিয়মিত ক্লিনিকগুলো সময়মত খোলা রাখা ও পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। 


চারঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, সরকারিভাবে সীমিত ওষুধ সরবরাহ রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। সংকট দুর করার চেষ্টা চলছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনা হবে।