বিদ্যালয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে কমিটি
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে একে একে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অসুস্থদের মধ্যে অবস্থার অবনতি হলে দুই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। তদন্ত কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অসুস্থ ছাত্রীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও ঋতু খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার একটি শ্রেণিকক্ষে হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার পর একে একে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে প্রায় ৬৫ জন ছাত্রীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ নিয়ে উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, আমরা ঘটনার সাথে সাথে ছাত্রীদের সুস্থ করার সব ধরনের ব্যবস্থা করেছিলাম। এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করার পর প্রকৃত কারন জানানো হবে বলে জানান তিনি।