শনিবার, মে ১৬, ২০২৬

রাজশাহী সিল্কের হারানো গৌরব ফেরাতে ব্র্যাকের সহায়তা চাইলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
রাজশাহী সিল্কের হারানো গৌরব ফেরাতে ব্র্যাকের সহায়তা চাইলেন ভূমিমন্ত্রী

ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, একসময় দেশের গর্ব হিসেবে পরিচিত রাজশাহী সিল্ক আজ নানা সংকটে বিপর্যস্ত। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, যেখানে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার (১৫ মে) সকালে রাজশাহী নগরীর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় ভূমিমন্ত্রী বলেন,“বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক অন্যতম। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। রাজশাহী সিল্ক শিল্পের পুনরুজ্জীবনেও তারা কার্যকর উদ্যোগ নিলে এই ঐতিহ্য আবারও ঘুরে দাঁড়াতে পারে।” তিনি সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাক মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, দেশের প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্র্যাক সক্ষম। ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে প্রতি পাঁচজনের একজন ব্র্যাকের বিভিন্ন সেবার আওতায় এসেছেন। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নসহ নানা ক্ষেত্রে এসব সেবা প্রদান করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, বিভাগে ব্র্যাকের ৯ হাজার ২৭৪ জন কর্মী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন, যাদের মধ্যে ৩৯ শতাংশ নারী। ৫১১টি সামাজিক উন্নয়ন কার্যালয় এবং ৩৯টি সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসন এবং সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থার উন্নয়নে ব্র্যাককে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কর্মসংস্থানভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,“রাজশাহীতে কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।” তিনি দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য আর্থিক সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


রাজশাহী রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মো. শাহজাহান নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, মাদক, কিশোর গ্যাং এবং সার্বিক নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্বে দিয়ে বলেন, এসব সমস্যা সমাধানে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। 


 প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আরো বিস্তৃত পরিসরে কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের মধ্যে ব্র্যাকের শিকড় প্রোথিত। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। এ সময় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ব্র্যাকের বহুমুখী কার্যক্রমকে দেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন।#


পলাশ