ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর ঘরে লুকিয়ে রাখা ছিল দেড় কেজি গাঁজা
পাবনার ঈশ্বরদীতে দেড় কেজি গাঁজাসহ মিঠুন প্রামানিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে অধিদপ্তরের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর এলাকায় এ অভিযান চালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার মিঠুন ওই এলাকার সোনাই প্রামানিকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিঠুন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের সংবাদ পেয়ে মিঠুনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শোবার ঘরে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে হাতেনতে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার মিঠুনকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।