শুক্রবার, মে ১৫, ২০২৬

ঈশ্বরদীতে চালককে কুপিয়ে অটোরিকশাসহ মোবাইল ছিনতাই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:০১ অপরাহ্ন
ঈশ্বরদীতে চালককে কুপিয়ে অটোরিকশাসহ মোবাইল ছিনতাই

পাবনার ঈশ্বরদীতে মো. আকাশ হোসেন নামের এক চালককে ধারালো খুর দিয়ে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাই করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যারাতে উপজেলার জয়নগর শিমুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোচালক মো.  আকাশ হোসেন উপজেলার উত্তর বাঘইল এলাকার মো. সামসল আলমের ছেলে। 


স্থানীয় সূত্র ও আহত আকাশের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়নগর শিমুলতলা বাজারে ২/৩ জন অপরিচিত ব্যক্তি লিচুর ঝুড়ি আনার কথা বলে আকাশের ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশাটি ভাড়া নেয়। পরে তারা জয়নগর শিমুলতলা বাজার থেকে পূর্ব দিকে কিছু দুরে গিয়ে জোরপূর্বক গাড়িটি থামায়।


এসময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা কাপড় দিয়ে আকাশের মুখ বেঁধে ধারালো অস্ত্র (খুর) দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে আকাশ আর্ত চিৎকার দিলে তাকে সেখানে ফেলে দিয়ে তার অটোরিকশা ও প্যান্টের পকেটে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারিরা। 


চিৎকার শুনে স্থানীয় লোকজন রক্তাক্ত ও আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, লোকমুখে খবর পেয়ে প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে তবে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।