শুক্রবার, মে ১৫, ২০২৬

ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা না দেওয়ায় সুনীল পাহান (৪০) নামের এক আদিবাসী ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত জগলু পাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার  (১৪ মে) রাত ১২ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।


নিহত সুনীল পাহান ওই এলাকার মৃত বাগান পাহানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ মান্দা উপজেলার বাসিন্দা। বিয়ের পর থেকেই অভিযুক্ত প্রসেনজিৎ কাকশা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে পাওনা প্রেসনজ ও একই গ্রামের কুলি পাহানের ছেলে জগলু সুনীল পাহানের বাড়িতে প্রবেশ করেন। টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহত সুনীলের বাড়িতে পড়ে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন প্রসেনজিৎ। বাঁশের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।