মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার
নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার বিজয়পুর তিনমাথার মোড়ের জনৈক রুস্তম আলীর বাসা এবং বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিজয়পুর এলাকায় রুস্তমের বাসা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)। এ সময় ওই বাসায় তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।
অন্যদিকে বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযানে চালিয়ে আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বিপ্লব (২০), সাফাত (১৯), আরিফ হোসেন (৩০), মুসফিকুর রেজা রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস উদ্দিন (২৫), রিয়ন ইসলাম (২১), নাজমুল হোসেন (২৭) এবং সাফায়েত ওরফে আপনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি ডেস্কটপ কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, বিভিন্ন এলাকা থেকে তরুণরা সেখানে এসে গভীর রাতে অনলাইনে জুয়া খেলায় অংশ নিত। পাশাপাশি ডলারের মাধ্যমে অবৈধ লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।