শুক্রবার, মে ১৫, ২০২৬

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক, নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক, নৌকা জব্দ

গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন তার সহযোগী মো. নাসির উদ্দীন (৫৩)।


আটক জিহান ও পলাতক নাসির হলেন গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার নদীর খেয়াঘাটে অভিযান চালানো হয়।


অভিযানকালে নদীর কিনারে থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করতে সক্ষম হলেও অন্ধকারের সুযোগে পালিয়ে যান নাসির উদ্দীন।


পরে জিহানের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।


এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক জিহান ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।


পুলিশ সূত্র জানায়, পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে এর আগেও ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।


গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।