খাদেমুল ইসলাম জামে মসজিদ ও মাদ্রাসার পুননির্মাণ কাজের উদ্বোধন
রাজশাহী নগরীর হাদির মোড় এলাকায় অবস্থিত খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে এলাকার নতুন প্রজন্ম সুশিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাফিজুল হক হ্যাপি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।