শুক্রবার, মে ১৫, ২০২৬

ইরান যুদ্ধের জন্য ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসন’ দায়ী: রাশিয়া

সোনার দেশ ডেস্ক ১৫ মে ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ মে ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
ইরান যুদ্ধের জন্য ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসন’ দায়ী: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান যুদ্ধের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। শুক্রবার (১৫ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অযাাচিত মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের’ ফল হিসেবে অভিহিত করেন। খবর রোয়া নিউজের। 


ল্যাভরভের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি ওয়াশিংটন ও তার মিত্র দেশগুলোর সরাসরি সামরিক পদক্ষেপ ও রাজনৈতিক চাপের একটি নেতিবাচক ফলাফল। তিনি মনে করেন, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য মূল কারণটি অর্থাৎ পশ্চিমা দেশগুলোর উসকানিমূলক আচরণ বন্ধ করা জরুরি।


রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ইরানে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে ও একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে।” তিনি আরো যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি নিতে পারে না।”


বৈশ্বিক অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে লাভরভ বিশেষভাবে সামুদ্রিক স্থিতিশীলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে ‘কোনো সমস্যা বা বাধা না থাকাটা অপরিহার্য’।


রাশিয়ার দাবি, আন্তর্জাতিক জ্বালানি করিডোরগুলোর নিরাপত্তা রক্ষা করা সব রাষ্ট্রের যৌথ দায়িত্ব। প্রণালিটি যেন স্থায়ী কোনো সামরিক রণক্ষেত্রে পরিণত না হয়, সেজন্য মস্কো বৃহত্তর শান্তি প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে।


ল্যাভরভ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় পশ্চিমা হস্তক্ষেপেরও তীব্র সমালোচনা করেন। তিনি সতর্ক করে জানান, সরাসরি সামরিক শক্তি প্রয়োগ বা ‘শাসনব্যবস্থা পরিবর্তনের’ চেষ্টার মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ কেবল স্থিতিশীলতা নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।


রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ‘বাহ্যিক হস্তক্ষেপ’ ঐতিহাসিকভাবে স্থিতিশীলতার বদলে দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।


ল্যাভরভ রাশিয়ার অবস্থান স্পষ্ট করে বলেন, কেবল কূটনৈতিক সংলাপ ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।


তথ্যসূত্র: রাইজিংবিডি