শুক্রবার, মে ১৫, ২০২৬

উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ-আদা, বেড়েছে ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ মে ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ-আদা, বেড়েছে ডিমের দাম

নিত্যপণ্যর স্বস্তির ছিটেফোঁটাও যেন নেই। মুরগির ডিমের হালি ৫০ টাকা ছুঁয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ ও আদার বাজার। এর ওপর দীর্ঘ এক মাস ধরে চড়া সবজির বাজার তো আছেই। সংকটের এই মিছিলে চলতি সপ্তাহে নতুন করে যোগ দিয়েছে পেঁয়াজ ও আদা। মাত্র সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বাড়লেও, আদার বাজার আরও বেসামাল। বর্তমানে মানভেদে প্রতি কেজি আদা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে।


মুরগি দামে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আর সবচেয়ে বেশি অস্বস্তি দেখা গেছে দেশি মুরগির দামে। বর্তমানে এক কেজি দেশি মুরগির জন্য ক্রেতাকে খরচ করতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। অন্যদিকে, মধ্যবিত্তের পছন্দের সোনালি মুরগি বাজারভেদে ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সব মিলিয়ে ছুটির দিনে বাজারে এসে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।


শুক্রবার (১৫ মে) রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আসন্ন ইদুল আজহাকে কেন্দ্র করেই মূলত পেঁয়াজ ও আদার এই দামবৃদ্ধি। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা মাত্র এক সপ্তাহ আগেও ৩৫ থেকে ৪০ টাকা। তবে বাজারে প্রচুর পরিমাণে দেশি রসুনের সরবরাহ থাকায় এ পণ্যটির দাম আছে আগের মতোই।


ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও পণ্যটি এখনো সবার নাগালের মধ্যে আছে। তবে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে দাম বাড়ানোর সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কারণ, কৃষকের হাত থেকে পেঁয়াজ এখন বড় ব্যবসায়ীদের গুদামে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা বিক্রেতা জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে প্রতিদিন পেঁয়াজের দাম কেজিতে এক-দুই টাকা করে বাড়ছে। ভোক্তাদের অভিযোগ, রমজানের ইদে দাম বাড়াতে ব্যর্থ হয়ে অসাধু সিন্ডিকেট এখন কোরবানির ইদকে সামনে রেখে বাজার অস্থির করার পাঁয়তারা করছে।


এদিকে, বাজারে এখন ৭০-৮০ টাকা কেজির কমে কোনো সবজি মিলছে না। সবচেয়ে কম দামের সবজি পেঁপের দাম এখন ৫০ থেকে ৬০ টাকা। আর মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। করলা, বরবটি, কাকরোরেল দাম আরও বেশি, বাজারে যা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে মিলছে।


সাহেববাজারের মুরগি ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, মুরগির চাহিদা বেশি, তার তুলনায় সরবরাহ কম রয়েছে। তাই আজকে দাম একটু বেশি। মুরগির দাম প্রতিদিনই কমে বাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে-শাদি বেশি থাকে। অন্যান্য দিনের তুলনায় এ দিনগুলোতে দাম একটু বেশি থাকে।