রবিবার, জুন ২১, ২০২৬

তানোরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
তানোরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তানোর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


গ্রেপ্তার ব্যক্তির নাম আলতাব হোসেন। তিনি তানোর উপজেলার বাকশপুর গ্রামের মৃত বারু মণ্ডলের ছেলে।


জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ছিলেন ডিবির এসআই (নিঃ) মো. আশাফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চান্দুরিয়া ইউনিয়নের এখতারপুর গ্রামে চান্দুরিয়া-বিলধরমপুর সড়কের পাশে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিয়ে অবস্থান করছেন।


সংবাদের ভিত্তিতে বিকাল পৌনে ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ভাঁজে রাখা একটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য উল্লেখযোগ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলতাব হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


এ ঘটনায় তানোর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।