ঈশ্বরদীতে তাপদাহে গাছেই পুড়ে-ফেটে নষ্ট হচ্ছে বোম্বাই লিচু
প্রায় বিশ বছর পর পাবনার ঈশ্বরদীতে এবছর বোম্বাই লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচু মৌসুমের শুরুটা কৃষকের জন্য আনন্দের হলেও মৌসুমের শেষ ভাগে লোকসানের মুখে পড়েছেন এই এলাকার হাজার হাজার লিচু চাষী।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড রোদে গাছেই পুড়ে ও ফেটে নষ্ট হচ্ছে লিচু। কৃষি অফিসের দেওয়া তথ্য মতে ইতোমধ্যে ১৫ হাজার টন লিচু নষ্ট হয়ে গেছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। উপজেলার সলিমপুর ও সাহাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লিচু আবাদি চাষীরা বলেন, এবছর ইদুল আজহার আগে লিচু পাকা ধরে, ইদের আমেজ কাটতেই লিচুর পূর্ণ সময় আসে। প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল কিন্তু মৌসুমের শেষভাগে এসে তীব্র রোদ, প্রচণ্ড গরম ও তাপদাহে পাকা লিচু গাছেই রোদে পুড়ে ও ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। মানিকনগর গ্রামের লিচু চাষী আমিরুল ইসলাম সরদার বলেন, আমার বাগানের শতকরা ৩০ ভাগ লিচু ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে।
জানা গেছে, প্রতি বছর এই উপজেলায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার লিচু উৎপাদন হয়ে থাকে। এবছর লিচুর ফলন প্রায় ৩০ ভাগেরও বেশি বেড়ে ৭০০ কোটি টাকার লিচু উৎপাদিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদীতে লিচু আবাদি কৃষকের সংখ্যা প্রায় ৯ হাজার। এখানে লিচুর বাগান রয়েছে ১১ হাজার। প্রতি বিঘায় ১৫ থেকে ২০টি লিচু গাছ রয়েছে সে হিসেবে উপজেলায় প্রায় ৩২০০ হেক্টর জমিতে ফলনযোগ্য লিচু গাছের সংখ্যা রয়েছে ৩ লাখ ৭২ হাজার। লিচুর উৎপাদনের গড় পরিমাণ প্রায় ২৮ হাজার টন। কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদীতে এক বিঘা জমিতে কমবেশি ৬০ হাজার পিস লিচু উৎপাদন হয়। এখানে লিচুর বাগান রয়েছে ১১ হাজার। প্রতি বিঘায় ১৫ থেকে ২০টি লিচু গাছ রয়েছে সে হিসেবে উপজেলায় প্রায় ৩২০০ হেক্টর জমিতে ফলনযোগ্য লিচু গাছের সংখ্যা রয়েছে ৩ লাখ ৭২ হাজার। ঈশ্বরদী উপজেলায় লিচু উৎপাদনের গড় পরিমাণ প্রায় ২৮ হাজার টন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, এবছর ঈশ্বরদীতে লিচুর উৎপাদন ৩০ থেকে ৪০ ভাগ পর্যন্ত বেড়েছে, যা গত ১৫/২০ বছরের মধ্যে রেকর্ড উৎপাদন। শুরুতে পোকার আক্রমণ ও ঝরে পড়ার হারও ছিল খুব কম। ফলে এ বছর লিচুর আকার বড় হয়েছে এবং স্বাদও ভালো হয়েছে। তবে শেষভাগে গরমের কারনে কিছু গাছের লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, গত কয়েকদিন ধরে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮.০২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রবাহিত হচ্ছে যা পাকা লিচুর জন্য অসহনীয়।