রফতানির নতুন যাত্রা, ইতালির পথে চাঁপাইনবাবগঞ্জের দুই টন আম
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি মৌসুমে বিদেশে আম রফতানি শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে দুই টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো জাতের আম ইতালি পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আমচাষি শামীম রেজা সোহাগ এসব আম রপ্তানি করছেন। তবে তার বাগানে প্রায় ৫০ টন রফতানিযোগ্য আম উৎপাদন হলেও সব আম বিদেশে পাঠানো সম্ভব হয় না। এতে প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হতে হয় বলে জানান তিনি।
আমচাষি সোহাগ জানান, ২০২২ সাল থেকে তিনি রফতানিযোগ্য আম উৎপাদন শুরু করেন। ২০২৩ সালে তিনি প্রথমবার ১২ টন আম বিদেশে পাঠান। পরে ২০২৫ সালে বিভিন্ন দেশে ৩৫ টন আম রফতানি করেন। এবার মৌসুমের শুরুতেই শুক্রবার দুই টন আম ইতালিতে পাঠানোর মাধ্যমে রফতানি শুরু করলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলি বলেন, ‘নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের মাধ্যমে বিদেশি বাজার সম্প্রসারণে কাজ চলছে। ইউরোপসহ বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বাড়ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলায় প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।