ঈশ্বরদীতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত
পাবনার ঈশ্বরদীর ঠাকুরবাড়ি নারায়ণ বিগ্রহ মন্দিরে বিশ্ব মানবতার কল্যাণ, দেশমাতৃকা ও জাতির মঙ্গল কামনায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রোববার (৭ জুন) শেষ হয়েছে।
ঈশ্বরদী বারোয়ারি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে ছয়টি নামকীর্তন দল এবং চারটি লীলাকীর্তন দল অংশগ্রহণ করে। গত কয়েকদিন দিন ধরে এসব দল পালাক্রমে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কীর্তন পরিবেশন করে, যা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা প্রসাদ ও সেবার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে আগত ভক্তদের আন্তরিকতা ও ভক্তিভরে সেবাকর্মে অংশ নিতে দেখা গেছে।
সমাপনী দিনে অনুষ্ঠিত মহাপ্রভুর ভোগ মহোৎসবে ঈশ্বরদী ও আশপাশের এলাকার হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে ধর্মীয় এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে। গত মঙ্গলবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এ মহানামযজ্ঞ শুরু হয়ে রোববার মহাপ্রভুর ভোগ মহোৎসবের মাধ্যমে সমাপ্ত হয়।