শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ¦ালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’ দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


রবিবার (৭ জুন) বিকালে নগরীর আলুপট্টি মোড়ে সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস এর নেতৃত্বে মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যবৃন্দ এবং সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবৃন্দ অংশগ্রহণ করেন। সনাক সভাপতি বলেন, রাজশাহী গ্রিন ও ক্লিন সিটি। তাই, পরিবেশগত বিষয়ে রাজশাহীবাসিকে সচেতন হতে হবে। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী বাজেটে যে সকল বাড়ির মালিক ছাদবাগান করেন তাঁদেরকে হোল্ডিং ট্যাক্স রেয়াতের সুবিধা প্রদানের দাবি জানান।  


মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন এবং সনাক সহসভাপতি রাশেদ ইবনে ওবায়েদ রিপন। বক্তারা মানববন্ধন থেকে টিআইবি’র ১২টি দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি কর্তৃক সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য উত্থাপিত ১২টি দাবিসমূহ হলো- (১) জ¦ীবাশ্মভিত্তিক উৎস থেকে দ্রুত নবায়নযোগ্য জ¦ালানিতে স্থানান্তরের জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে; (২) নবায়নযোগ্য জ¦ালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।


এই খাতসংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর হ্রাস করতে হবে এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে; (৩) নবায়নযোগ্য জ¦ালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে; (৪) কার্যকর জলবায়ু প্রশমনের জন্য বৈদ্যুতিক যানবাহন ও সোলার প্যানেল ব্যাটারিসহ বিবিধ যন্ত্রাংশকে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ এর আওতায় বর্জ্যর শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত করতে হবে;


(৫) পরিবেশ আদালত আইন ২০১০ সংশোধন করতে হবে এবং পরিবেশ সংরক্ষণে বা জনস্বার্থে ভুক্তভোগী ও সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ আদালতে সরাসরি মামলা করার সুযোগ তৈরি করতে হবে; (৬) পরিবেশ বিষয়ক সংঘঠিত অপরাধ বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে; (৭) পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত আইন, নীতি ও পরিকল্পনায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ করতে হবে; (৮) জলাভূমি দখল ও বন উজাড় বন্ধের মাধ্যমে পরিবেশের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদকেন্দ্রিক অভিযোজনের সুযোগ বৃদ্ধি করতে হবে; (৯) প্লাস্টিক দূষণসহ অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা থেকে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঢেলে সাজাতে হবে;


(১০) দুর্যোগের ফলে সৃষ্ট ই-বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে তার নির্দেশনা সম্বলিত একটি ‘দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল’ প্রস্তুত করতে হবে; (১১) পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ¦ালানির প্রসার সংক্রান্ত কার্যক্রমে অনিয়ম-দুর্নীতিসহ বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকারের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে; এবং (১২) জ¦ালানি ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই খাতগুলোতে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে।


আধা-ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচি থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ জনগণের মধ্যে দিবসের ধারণাপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন টিআইবি, রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক।