শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

নগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।


রোববার (৭ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র‌্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকষ গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়।


পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ওই তাজা গুলিগুলো জব্দ করে র‌্যাব।


র‌্যাব-৫ জানায়, এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।