শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইয়ে ১৯ মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
চাঁপাইয়ে ১৯ মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (৮ জুন) উপজেলার কেডিসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৭০) ও তার স্ত্রী মোসা. সাজেদা বেগমকে (৪৭) আটক করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


তিনি বলেন, আটক দুইজনকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সাত্তারকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


ডিএনসি সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার ও সাজেদা বেগম দম্পতির নামে মোট ১৯টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এতগুলো মামলা থাকা সত্ত্বেও তারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।