শনিবার, আগস্ট ২২, ২০২৬

থানায় ‘ঘুষ’ নিয়ে গুনলেন পরিদর্শক, হলেন প্রত্যাহার

বাগমারা প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
থানায় ‘ঘুষ’ নিয়ে গুনলেন পরিদর্শক, হলেন প্রত্যাহার

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শকের (তদন্ত) ‘ঘুষ নেওয়ার’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এই পুলিশ পরির্দশকের নাম কমলেশ দাস।


এর আগে রোববার (৭ জুন) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ কক্ষে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। পরে টেবিলের নিচে নিয়ে টাকা বের করেন। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন। 


কমলেশ দাস এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই খামদাতাকে দেখান।


একটি ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিও পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তবে ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম নিয়েছেন, তাকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।


কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে তার মোবাইলফোনে অনেক বার ফোন করলেও কোন সারা মেলেনি।


রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান, বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে, এরইমধ্যে থানা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি যদি প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।