শনিবার, আগস্ট ২২, ২০২৬

হরমুজের কাছে আছড়ে পড়ল আমেরিকার সেনা হেলিকপ্টার!

সোনার দেশ ডেস্ক ০৯ জুন ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ জুন ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
হরমুজের কাছে আছড়ে পড়ল আমেরিকার সেনা হেলিকপ্টার!
-প্রতীকী চিত্র।

হরমুজ প্রণালীর কাছে আছড়ে পড়ল মার্কিন বাহিনীর হেলিকপ্টার। পশ্চিম এশিয়ার এই জলপথ ঘিরে গত তিন মাসেরও বেশি সময় ধরে এক সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এই অস্থিরতার মাঝে মঙ্গলবার সকালে খবর ছড়ায়, মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়েছে হরমুজের কাছে। ‘নিউ ইয়র্ক টাইম্‌স’ জানাচ্ছে, হেলিকপ্টারটিতে দু’জন সেনাকর্মী ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে।

মার্কিন সেনার হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরানের বাহিনী সেটি গুলি করে নামিয়েছে, না কি হেলিকপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল-তা প্রাথমিক ভাবে জানা যায়নি। তবে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল দুই সূত্র ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-কে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আমেরিকা এবং ইরান উভয় পক্ষই সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমন একটি সময়ে হরমুজের কাছে মার্কিন সেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় ঘটনার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। হেলিকপ্টার ভেঙে পড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “পাইলটেরা সুস্থ আছেন। কেউ জখম হননি। আমরা আগামিকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করব।”

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে তেহরানকে ঠেকাতে অ্যাপাচে হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফএ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষ পর্বে এই প্রথম আমেরিকার কোনও অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস হল।

উল্লেখ্য, সোমবারই ইরান ঘোষণা করে তারা ইজ়রায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখছে। ঘটনাচক্রে, তার কিছুক্ষণ আগেই ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেন, ইসরায়েল এবং ইরান অবিলম্বে সংঘর্ষবিরতি চাইছে। ওই ঘোষণার পরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা আপাতত কমতে পারে বলে আভাস মিলতে শুরু করেছিল। ঠিক এমন একটি সময়ে হরমুজের কাছে কোনও এক ‘অজ্ঞাত কারণে’ ভেঙে পড়ল মার্কিন বাহিনীর হেলিকপ্টার।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন