বাঘায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ভেকুর এস্কেভেটর জব্দ
রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ভেকুর এস্কেভেটর জব্দ করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ভেকুর এস্কেভেটর জব্দ করে।
জানা গেছে, বাঘা উপজেলার নওটিকার বিলে একাধিকস্থানে তিন ফসলি কৃষি জমিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু ব্যক্তিরা অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুকুর খননকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তার উপস্থিত টের পেয়ে ভেকু রেখে পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় আটক বা মামলা করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে ভেকুর এস্কেভেটর জব্দ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খননের চেষ্টা করছেন, তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। #