কাকনহাটে শহীদ বীরসা মুন্ডার ১২৬তম আত্মত্যাগ দিবস পালিত
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক শহীদ বীরসা মুন্ডার ১২৬তম আত্মত্যাগ দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে এক শ্রদ্ধার্ঘ্য ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সিসিবিভিও’র আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় এবং রক্ষা গোলা সমন্বয় কমিটির উদ্যোগে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতাভুক্ত রক্ষাগোলা সংগঠন সমূহের সদস্য ও নেতৃবৃন্দের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়।
দিনের কর্মসূচির শুরুতেই কাকনহাট পৌরসভা শহীদ মিনার অভিমুখে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ এবং সিসিবিভিও কর্মীবৃন্দ শহীদ বীরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী আপসহীন সংগ্রাম ও আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে কাকনহাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
"বীরসা মুন্ডার অধিকার আদায়ের লড়াই আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁর আত্মত্যাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক।"
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সিসিবিভিও শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী দিনা মুন্ডা, সিষ্টিটুডু, শিমন মূর্মূ, যুব নেত াবিজয় হেম্ব্রম, লাবনী হেম্ব্রম। বক্তাগণ বলেন বীরসা মুন্ডার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে রক্ষাগোলা সংগঠনের ভূমিকার ওপর গুরুত্ব দেয়া। বক্তাগণ বীরসা মুন্ডার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষা ও স্থিতিশীল খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিবসটি উদযাপনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সহসমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা রুমালাভলী মূর্মূ, পৌলটুডু, যোসেফ হাঁসদা এবং বিভিন্ন গ্রাম সমাজ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজ সংগঠকবৃন্দ।