বগুড়ায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (১৭) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে থেকে হাঁস নিয়ে আসার জন্য বের হয় সাব্বির। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী কদম আলী বলেন, “সকালে বৃষ্টি হচ্ছিল। সাব্বির বাড়ির পেছনে মাছ ধরতে ও হাঁস আনতে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সে পড়ে আছে। পরে বুঝতে পারি, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যদের সাথে আমরা তাকে উদ্ধার করি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।