চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
চাঁপাইনবাবগঞ্জে একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী নামে একজন নিহত ও আরও অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বেলা ১১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম আলী দুর্লভপুরের শওকত আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকার একটি মামলাকে কেন্দ্র করে দুর্লভপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিলো কয়েকদিন ধরেই। এ নিয়ে আজ (বুধবার) সকালে দুই পক্ষ সালিশে বসে। সালিশের এক পর্যায়ে বেলা ১১ টার দিকে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও ৮ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত ইব্রাহিম আলীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।