ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে অপর এক ব্যক্তির কারাদণ্ড
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপর এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকার মো. আবু সাঈদের ছেলে মো. মাসুদ রানা (২৮)। অপরদিকে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকার মৃত রুহুলের ছেলে মো. মাসুম ওরফে লালন (৩৮)।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ (পনেরো) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাসুম ওরফে লালনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ (আট) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।