কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত প্রার্থী
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। রোববার প্রকাশিত প্রাথমিক ফলাফলে তিনি সরকারি সমর্থনপুষ্ট প্রতিদ্বন্দ্বী ইভান সেপেদার চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ফলাফল প্রকাশের পর উপকূলীয় শহর বাররানকিয়ায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে বিজয় দাবি করেন দে লা এসপ্রিয়েলা। তিনি বলেন, এই ‘ঐতিহাসিক’ ফলাফল কলম্বিয়ার ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেবে।
তবে তার প্রতিদ্বন্দ্বী ইভান সেপেদা ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক ফলাফল ঘোষণার আগে বিজয় ঘোষণা করা ঠিক হবে না।
বিশ্লেষকদের মতে, দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় এলে কলম্বিয়ার রাজনীতিতে বড় ধরনের ডানপন্থী মোড় আসতে পারে।
একই সঙ্গে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও নতুন অধ্যায় শুরু হতে পারে। বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা গিয়েছিল।
‘বাঘ’ নামে পরিচিত ৪৭ বছর বয়সী আইনজীবী ও ব্যবসায়ী দে লা এসপ্রিয়েলা নিজেকে রক্ষণশীল রাজনীতিক হিসেবে পরিচয় দেন। তিনি অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, কর হ্রাস, তেল অনুসন্ধান সম্প্রসারণ এবং অর্থনৈতিক উদারীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রাথমিক গণনায় প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, দে লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৯ দশমিক ৬৫ শতাংশ ভোট। অন্যদিকে ইভান সেপেদা পেয়েছেন ৪৭ দশমিক ৮১ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান আড়াই লাখেরও কম।
দে লা এসপ্রিয়েলা দাবি করেছেন, ফলাফল প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার বিজয়ের প্রতি সমর্থন ও স্বীকৃতি ব্যক্ত করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও দে লা এসপ্রিয়েলাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অবৈধ অভিবাসন মোকাবিলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে বলেছেন, অল্প ব্যবধানে ভোটের ফল নির্ধারিত হওয়ায় এখনই কাউকে বিজয়ী ঘোষণা করা উচিত নয়। তিনি বলেন, আনুষ্ঠানিক গণনাই নির্ধারণ করবে কে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হবেন এবং তিনি বিচারিক প্রক্রিয়ার সিদ্ধান্ত মেনে নেবেন।
একই অবস্থান নিয়েছেন ইভান সেপেদাও। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, বর্তমান ফলাফল এখনও আনুষ্ঠানিক বা আইনগতভাবে চূড়ান্ত নয়। তাই চূড়ান্ত ভোট গণনার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই হবে সঠিক সিদ্ধান্ত।
এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে কলম্বিয়ার আগামী দিনের রাজনৈতিক পথচলা।
তথ্যসূত্র:সিএনএন, বাংলানিউজ