শনিবার, আগস্ট ২২, ২০২৬

জর্ডান ম্যাচে ২৮ বছর আগের রেকর্ড স্পর্শের সুযোগ আর্জেন্টিনার

সোনার দেশ ডেস্ক ২৩ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন বিশ্বকাপ
সোনার দেশ ডেস্ক ২৩ জুন ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
জর্ডান ম্যাচে ২৮ বছর আগের রেকর্ড স্পর্শের সুযোগ আর্জেন্টিনার

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের জানান দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে প্রথম দুটি ম্যাচ জেতার পাশাপাশি গোল হজম করেনি স্কালোনির দল। ২৮ তারিখ ডালাসে জর্ডানের বিপক্ষে জিততে পারলে ১৯৯৮ বিশ্বকাপে গড়া এক বিশেষ রেকর্ড স্পর্শ করবে আলবিসেলেস্তেরা।


টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল না খাওয়া মাত্র চারটি দলের একটি আর্জেন্টিনা — অন্যরা হলো মেক্সিকো, স্পেন ও ঘানা। তবে রক্ষণের দৃঢ়তায় আর্জেন্টিনা সবার উপরে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটো ম্যাচ মিলিয়ে এমিলিয়ানো মার্তিনেজকে মোকাবিলা করতে হয়েছে মাত্র একটি অন- শট টার্গেট, সেটি হলো অস্ট্রিয়ার বিপক্ষে মার্সেল সাবিৎজারের ফ্রি-কিক।


এমন পরিসংখ্যানের জন্য ফিরে যেতে হবে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে। সেই আসরে আর্জেন্টিনা জাপানকে ১-০ এবং জ্যামাইকাকে ৫-০ গোলে হারিয়ে গোল না খেয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল। পরবর্তী ছয়টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের মধ্যেই অন্তত একটি গোল হজম করতে হয়েছে তাদের। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৮ সালের সেই আসরটিই ইতিহাসে একমাত্র বিশ্বকাপ যেখানে আর্জেন্টিনা গোটা গ্রুপ পর্ব পার করেছিল গোল না খেয়ে। ক্রোয়েশিয়াকে ১-০ হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই ২৮ বছর আগের কীর্তি পুনরাবৃত্তির সুযোগ পাবে আর্জেন্টিনা।- আগামীর সময়