মেক্সিকোর জয় উদযাপনে ৩ জনের মৃত্যু
চার দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের মধ্যে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মেক্সিকো সিটির রাস্তায় লাখো মানুষের ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে একুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠে মেক্সিকো। ১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে তাদের প্রথম জয় এটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জয় উদযাপন করতে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে আসে। মূলত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ভিড় জমায় তারা। সেখানেই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
রাজধানীর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন।
“রোগীদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রয়োগের পর, বিশেষায়িত চিকিৎসার জন্য তাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।”
তিন জনেরই শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তাদের পরিবার তাদের শনাক্ত করেছে।
তথ্যসূত্র: বিডিনিউজ