শনিবার, আগস্ট ২২, ২০২৬

সৌদি আরবে হামলার হুমকি হুতিদের

সোনার দেশ ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০১:০৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০১:০৩ অপরাহ্ন
সৌদি আরবে হামলার হুমকি হুতিদের

ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে। সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটিতে আক্রমণ করার চেষ্টা করে তাহলে পাল্টা হামলা হবে বলে শুক্রবার হুমকি দিয়েছে হুতিরা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের বিমান সৌদি ‘যুদ্ধবিমান’ এর মুখোমুখি হয়েছিল। সৌদি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণ থেকে বিরত করার চেষ্টা করেছিল।

একটি ভিডিও বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, “আমরা অপরাধী সৌদি শত্রুকে আমাদের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা বা আমাদের দেশকে লক্ষ্য করে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করছি। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রে থাকা গুরুত্বপূর্ণ স্বার্থ লক্ষ্য করে একটি ব্যাপক জবাব দেওয়া হবে।”

সারি বলেন, বিদ্রোহীরা ভোর ৫টা ২০ মিনিটে হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের ‘অনুপ্রবেশের’ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ‘২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে’ সানায় অবতরণ করতে বাধা দেওয়া।

তিনি জানান, যেকোনো ‘সম্ভাব্য পরিণতি’ সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: রাইজিংবিডি