শনিবার, আগস্ট ২২, ২০২৬

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান

সোনার দেশ ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান
মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলা। প্রতীকী ছবি।

ফের অগ্নিগর্ভ মণিপুর। সোমবার উখরুল জেলায় অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান। ঘটনাটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন আসাম রাইফেলসের ৪০ জন জওয়ানকে নিয়ে কয়েকটি কনভয় রওনা দিয়েছিল। শাংশাকের কাছে নুংশাং কং গ্রামের অদূরে আচমকা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি করে একদল অজ্ঞাত পরিচয় যুবক। পালটা জবাব দেয় বাহিনীও। প্রায় এক ঘণ্টা দু’পক্ষের লড়াই চলার পর গুরুতর আহত হন সেনা আধিকারিক বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং। পরে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন একটি কলভয়ের চালকের আসনে ছিলেন। গুলির লড়াইয়ে আরও জওয়ান আহত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে বন্দুকবাজরা সেখান থেকে চম্পট দিয়েছে বলে খবর। 

সেনা সূত্রে জানা গিয়েছে, কনভয়গুলির যাত্রাপথে একটি সেতুর দু’পাশে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রেখেছিল হামলাকারীরা। তার মধ্যে দু’টো বিস্ফোরিত হয়েছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। হামলার কড়া নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন