শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ

সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন বিশ্বকাপ
সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ
লন্ডনের এজওয়্যার রোডে মরক্কোর সমর্থকেরা। ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ফ্রান্স হারানোর পর সেন্ট্রাল লন্ডনে ফুটবল সমর্থকদের সঙ্গে ব্রিটিশ পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই সহিংস বিশৃঙ্খলার ঘটনায় তাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সুনির্দিষ্ট করে জানিয়েছে যে, এই সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা মরক্কো ফুটবল দলের সমর্থক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাইড পার্কের কাছে এজওয়্যার রোডে কয়েক ডজন মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের দিকে বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারছেন।

পুলিশ জানিয়েছে, একদল মানুষ ওই সড়কের যান চলাচল বন্ধ করে দিলে এই গোলযোগের সূত্রপাত হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেন, পরবর্তীতে ওই দলটির বোতল নিক্ষেপ এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে ঘটনাটি আরও চরম আকার ধারণ করে। তিনি আরও জানান, মাথায় আঘাত পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে; ধারণা করা হচ্ছে একটি কাচের বোতলের আঘাতে তিনি আহত হয়েছেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন