শনিবার, আগস্ট ২২, ২০২৬

এইচআইভি বৃদ্ধির জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন
এইচআইভি বৃদ্ধির জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল। ছবি: এআরওয়াই নিউজ

পাকিস্তানে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির পেছনে সরকারি হাসপাতালের অনিয়ম বা ব্যবহৃত সিরিঞ্জ নয়, বরং ‘নাইট পার্টি’তে যাতায়াতকারীদের দায়ী করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল। দেশটিতে যখন সরকারি হাসপাতালে দূষিত সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে বহু শিশু সংক্রমিত হওয়ার অভিযোগ উঠেছে, ঠিক তখনই স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের কুলসুম বাই ভালিকা হাসপাতালে অন্তত ৭৮ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক শ্রমমন্ত্রী সাঈদ গনি। তবে স্বাস্থ্য সম্পর্কিত স্থায়ী কমিটির ব্রিফিংয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল জানান, সম্প্রতি রাজধানী ইসলামাবাদে এক মূল্যায়নে দেখা গেছে, প্রতি মাসে ৩০ জনেরও বেশি নতুন এইচআইভি রোগী শনাক্ত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

স্বাস্থ্যমন্ত্রী কামাল স্পষ্ট করে বলেন, নতুন আক্রান্তদের প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে, তারা অতীতে ব্যবহৃত সুই বা একই সিরিঞ্জ ভাগাভাগি করে মাদকাসক্তদের দলভুক্ত নন। বরং নতুন আক্রান্তদের একটি বড় অংশই তরুণ-তরুণী, যারা নিয়মিত বিভিন্ন ‘নাইট পার্টিতে’ অংশ নেন।

তদন্তের বরাত দিয়ে তিনি দাবি করেন, এই নাইট পার্টিগুলোতে যাতায়াত করা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে, যা রাজধানীর যুবসমাজের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটি নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র : উইয়ন নিউজ, বাংলাট্রিবিউন