ইরানের ওপর একাধিক হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা হামলা তেহরানের
ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ ফের আরোপ করার পর বুধবার দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর ওপর দুই ধাপে বড় ধরনের আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান।
এবারের লড়াইকে ইরান নিজেদের ‘অস্তিত্বের যুদ্ধ’ বলে অভিহিত করেছে; খবর রয়টার্সের।
দুপক্ষের মধ্যে বিদ্যমান একটি নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ার কয়েকদিনের মধ্যে সর্বশেষ এই উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলো ঘটেছে, এতে ফের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। ইরান আবারও আরও আঞ্চলিক জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
শনিবার রাতে ইরান জানায়, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এরপর থেকে লড়াই আবার তীব্র হয়ে ওঠে। সামরিক সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে এই প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হতো।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিক থেকে দেশটির বৃহত্তর তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা পদ্ধতি ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম এবং সেগুলোর উৎক্ষেপণ এলাকায় হামলা চালায়। এর নয় ঘণ্টা পর ইরানের বিভিন্ন শহরে ফের হামলা চালায়।
তথ্যসূত্র : বিডিনিউজ