শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুরে পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে ব্যস্ত পরিক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

লালপুর প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
লালপুরে পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে ব্যস্ত পরিক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

নাটোরের লালপুর উপজেলার নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের প্রকাশ্যে নকল ও মোবাইল ফোন ব্যবহার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে টিকটক, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী খাতায় উত্তর লেখার সময় পাশের শিক্ষার্থীর কাছ থেকে নকল করছে। আবার কেউ কেউ মোবাইল ফোন দেখে উত্তর লিখছে। ভিডিও ধারণের সময় পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা পরিদর্শক উপস্থিত ছিলেন না বলেও দেখা যায়। এ ঘটনায় বিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও স্থানীয়রা। 


এ ব্যাপারে নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেনেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে বসে মিমাংসা করা হয়েছে।


এ বিষয়ে লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এঘটনায় এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এতে জড়িত তিন শিক্ষার্থীর শ্রেণিকক্ষের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।