রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির শপথ গ্রহণসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর অদ্য ৬ ভাদ্র ১৪৩৩/২১ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করিয়াছেন।’
অন্যদিকে, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর অদ্য ৬ ভাদ্র ১৪৩৩/২১ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিয়াছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তার শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের বিষয়টি সরকারি নথিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।