মাকে ছুরিকাঘাতে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছেলে আটক
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে ছুরিকাঘাতে মাকে হত্যায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫ ঘণ্টার মধ্যে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদরের হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ নামে রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারীর নাম মুনিরা বেগম (৫৬)। তিনি অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলীর (৬৫) স্ত্রী। ছেলের ছুরিকাঘাতে সরদার আলীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত শোভন মাদকাসক্ত। কয়েক দফা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তিনি পালিয়ে এসেছেন। বুধবার তাঁকে ফের নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তাঁর মা-বাবা। সেই ক্ষোভ থেকে তিনি মা-বাবাকে ছুরিকাঘাত করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
ওসি জানান, বুধবার ভোরে মা ও বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মোস্তাকিন আলম শোভন। ছুরিকাঘাতে মা নিহত হন। বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পলাতক শোভনকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে হলোখানাগামী ভাইরাল সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি কামাল হোসেন বলেন, ‘আমি নিজে অভিযান চালিয়ে তাকে আটক করেছি। তাকে থানায় নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন