মাঝ-আকাশে হাইজ্যাক আশঙ্কা, এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ!
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়াবহ ঘটনা। এবার হাইজ্যাকের আশঙ্কায় তড়িঘড়ি জয়পুরে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমানে। যাত্রীবাহী বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিতে যাচ্ছিল। মাঝ আকাশে হাইজ্যাকের আশঙ্কা ছড়াতেই দ্রুত জয়পুরে বিমানটির জরুরি অবতরণ করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট এআই-২০৩০ বিমানে বোমা থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন পাইলট। প্রথমে স্কোয়াক ৭৫০০ কোড পাঠান, এরপর সিভিল এভিয়েশন মিস্ট্রিতে যোগাযোগ করেন। তখনই যাত্রীবাহী বিমানটিকে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার তরফে জানা গিয়েছে, ওই বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন। জরুরি অবতরণের পর তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।
সূত্রের খবর, নির্দিষ্ট সময়েই ফ্রাঙ্কফুর্ট থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। ভারতের আকাশসীমায় থাকাকালীন হঠাৎ সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম বাজতে শুরু করে। তখনই হাইজ্যাকের আশঙ্কা প্রকাশ করেন পাইলট। তড়িঘড়ি জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। জয়পুর বিমানবন্দরে নেমেই রানওয়ে থেকে দূরে নিরাপদ আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে সিআইএসএফ, স্থানীয় পুলিশ এবং বম্ব স্কোয়াড একযোগে বিমানটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। বিষয়টি আদতেই ছিনতাইয়ের চেষ্টা ছিল নাকি নিছকই কোনও ভুয়ো বা বিভ্রান্তিকর খবর ছিল, তা খতিয়ে দেখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন