রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা, একটির বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৬ ০১:৪৮ অপরাহ্ন
পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা, একটির বিস্ফোরণ

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।


ঘটনার পর রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে দুপুর সাড়ে ১২টায় তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও ভূমিসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের স্থাপনায় হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে কেউ কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয় বলে তিনি মনে করেন। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসক জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সম্প্রতি বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় এবার উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্য দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সতর্ক থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।


ইউএনও বলেন, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সাধারণ নাগরিক ও এলাকাবাসীকেই বহন করতে হয়। তাই কোথাও সন্দেহভাজন বা দুর্বৃত্তদের তৎপরতা চোখে পড়লে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।