পার্বতীপুরের ভবানীপুরে রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন!
দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী যাত্রীবাহী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে ঢাকা যাবার পথে ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটারে রেললাইনে আগুন দেওয়ায় ট্রেনটি বাধাগ্রস্থ হয়। সেই সাথে অল্পের জন্যে রক্ষা পায় ট্রেনটি। অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটারের কিছুটা আগে রেললাইনে আগুন জ্বলতে দেখা যায়। এতে ট্রেন চলাচল ও রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। থামিয়ে দেয়া হয় যাত্রীবাহী নীলসাগর ট্রেন। পরে আগুন নিভিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনাটি পরিকল্পিত নাশকতার চেষ্টা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।