শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরে পিতার হাতে পুত্র খুন, পিতা গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৮ জুলাই ২০২৬ ১২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৮ জুলাই ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
পার্বতীপুরে পিতার হাতে পুত্র খুন, পিতা গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে পিতার হাতে খুন হয়েছে পুত্র। এ ঘটনায় পিতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পার্বতীপুর  উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে,শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তাঁর  পুত্র নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে পুত্রের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।