শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে রূপপুর মোড়ে যাওয়ার কথা বলে মো. নিশাত নামের এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর সুগার মিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক নিশাত কুষ্টিয়া জেলার মীরপুর থানার বলবাড়িয়া গ্রামের মো. বজলু হোসেনের ছেলে। নিশাত জানান, পাবনা শহরের একটি বাস কাউন্টার এলাকা থেকে দুই ব্যক্তি রূপপুরে যাওয়ার জন্য তার সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। এ সময় ২০০ টাকা ভাড়া নির্ধারণ করে যাত্রীদের নিয়ে তিনি রূপপুরের উদ্দেশে রওনা দেন। পরে অটোরিকশাটি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিল অতিক্রম করে তেঁতুলতলায় পৌঁছালে পেছনে বসা দুই যাত্রী হঠাৎ তার ওপর হামলা চালায়। যাত্রীবেশে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে নিশাতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

এতে গুরুতর আহত হয়ে তিনি অটোরিকশা থেকে সড়কে পড়ে যান। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বৃত্তরা তার অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোনায়েম হোসেনসহ কয়েকজন তার চিৎকার শুনে স্থানীয়দের সহায়তায় আহত চালককে রক্তাক্ত অবস্থায় ঈশ্বরদী থানায় নিয়ে ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়।

শনিবার খোঁজ নিয়ে জানা গেছে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, শরীর থেকে রক্তক্ষরণ হওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ঈশ্বরদীতে চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

এদিকে ঘটনার পরপরই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। একই সঙ্গে হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, আহত ও রক্তাক্ত অবস্থায় ওই চালক থানায় আসার পরে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।