শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপির কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুলাই ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুলাই ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন
নগরীতে সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপির কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে সিএনজি পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও জনবান্ধব করতে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় সিএনজি পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, যানবাহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত, প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং আইনসম্মত ও যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় তিনি সিএনজি চালক ও মালিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ, মহাসড়কে (হাইওয়েতে) সিএনজি পরিচালনা থেকে বিরত থাকা এবং কোনো চালক যেন যাত্রীর মালামাল বা মূল্যবান জিনিসপত্র ছিনতাই কিংবা আত্মসাতের মতো অপরাধে জড়িত না হন, সে বিষয়ে সতর্ক করেন।

তিনি বলেন, একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।