রাজশাহী কলেজে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু
রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী আন্তবর্ষ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সমাজবিজ্ঞান বিভাগের ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষের মোট ১০টি দল অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতা উপলক্ষে সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, আন্তবর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আমাদের সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। আমরা বিশ্বাস করি, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা, গবেষণামনস্কতা এবং ভিন্নমতকে সম্মান করার একটি কার্যকর চর্চা। একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং উপস্থাপনার দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতিও আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।
তিনি রাজশাহী কলেজ প্রশাসন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, আয়োজক কমিটি, বিচারকমণ্ডলী, অংশগ্রহণকারী বিতার্কিক এবং নেপথ্যে কাজ করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব যুক্তিনির্ভর, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
পাঁচটি ভেন্যুতে একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নকআউট পদ্ধতিতে বিজয়ী দলগুলো সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী সোমবার (২০ জুলাই) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।