শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৬ ১২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওনক হাসান ওরফে শিশির (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. তাজবি ইসলাম (১৯)। আহতকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-বুলন্দপুর এলাকায় মঞ্জুর অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওনক হাসান ওরফে শিশির চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা ফকিরপাড়া (কদমতলা) মহল্লার একটি ভাড়া বাসার বাসিন্দা এবং গোলাম রাব্বানীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত তাজবি ইসলাম শহরের নিউ ইসলামপুর ভেলুর মোড় এলাকার তৌহিদুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আমনুরা থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন শিশির ও তাজবি। পথে আতাহার-বুলন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আদর্শ গ্রুপের একটি ১০ চাকার মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৬১৩৫) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয়। গুরুতর আহত হন তাজবি ইসলাম। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে আহত তাজবিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।