শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবী সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন, কাজী রোকনুজ্জামান, শিক্ষার্থী মিম আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার সমাজের অগ্রগতির প্রধান অন্তরায়। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এসব অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। বাল্যবিবাহ ও যৌতুককে সামাজিকভাবে বর্জন এবং মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।