দুর্গাপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) আনুমানিক সাড়ে ৮টার দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাট কানপাড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বখতিয়ারপুর গুলালপাড়া গ্রামের মৃত হাবেজ উদ্দিনের ছেলে আসলাম (৩৫)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “দুর্গাপুর থানাকে মাদকমুক্ত রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”