দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ফের সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলন ঘিরে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে যন্তর মন্তরে উপস্থিত একদল বিক্ষোভকারী হঠাৎই পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগোতে শুরু করে। তাদের পথ আটকাতে পুলিশ ব্যারিকেড ও মানবশৃঙ্খল তৈরি করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সহ মোট ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত এসিপি জয় প্রকাশ গণমাধ্যমকে জানান, “আমরা আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম যাতে তারা সামনের দিকে এগোতে না পারে। কিন্তু আচমকাই জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ও ইট-পাথর বৃষ্টি শুরু হয়।”
দিল্লি পুলিশের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে ও উসকানিমূলক স্লোগান দিচ্ছে। এমনকি এক নিরাপত্তা কর্মীকে ঘিরে ধরে মারধরের দৃশ্যও ধরা পড়েছে পুলিশের প্রকাশ করা ভিডিওতে। তবে বিক্ষোভকারীদের কিছু অংশকে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করতেও দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে পুলিশি অ্যাকশনের পর থেকেই রাজধানী দিল্লির পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনীর বলপ্রয়োগ ও পেটানোর বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।
অন্যদিকে পুলিশের দাবি, তারা যথেষ্ট সংযম দেখিয়েছে এবং আন্দোলনকারীদের সহিংসতায় ইতিমধ্যে ১০০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
বর্তমানে দিল্লিজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি