বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া

সোনার দেশ ডেস্ক ২৫ জুলাই ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৫ জুলাই ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া
স্পেনের আভিলা প্রদেশের বুরগোহন্দো পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলের দৃশ্য । ছবি: রয়টার্স

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে দুই লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এ আগুনকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

শনিবার ফ্রান্সের কর্তৃপক্ষ দেশটির ষষ্ঠ বৃহত্তম শহর বোর্দোর আশপাশের উপশহরগুলো থেকে হাজারো মানুষকে সরিয়ে নেয়। এর আগের দিন জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্যাপ ফেরে উপদ্বীপ থেকে মানুষকে উদ্ধারে নৌকা পাঠানো হয়েছিল।

অন্যদিকে, মাদ্রিদের আশপাশের শহরগুলোতে জ্বলতে থাকা দাবানলকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুন বলে ঘোষণা করেছে স্পেনের কর্তৃপক্ষ। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহ আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে।


ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ

জরুরি বার্তা পাওয়ার পর অনেকেই গভীর রাতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ফ্রান্সের সাঁ-ওবাঁ-দ্য-মেদক এলাকার ১৯ বছর বয়সী পরিবেশবিদ্যার শিক্ষার্থী ভিভিয়েন মোলিনা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন।

তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি।’

তিনি জানান, পরিবারের সদস্যরা দুটি গাড়িতে করে অপেক্ষাকৃত নিরাপদ এলাকা এল’এসপারের দিকে যাচ্ছেন। তবে সড়কে প্রচণ্ড যানজট থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

সাঁ-জ্যঁ-দ’ইয়াক এলাকার ৫১ বছর বয়সী অলিভিয়া কোরেইয়া পেরেইরা বলেন, ‘বাড়ি ছাড়ার সময় মনে হচ্ছিল হয়তো আর কখনো সেটি দেখতে পাব না। আগুন তখনও সেখানে পৌঁছায়নি, কিন্তু স্মৃতিগুলোই তো সব। সবকিছু হারিয়ে যেতে পারে।’

অনেক বয়স্ক মানুষকেও পরিচর্যাকারী ও জরুরি সেবাকর্মীদের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

একজন পরিচর্যাকারী আনাইস দোসি রয়টার্সকে বলেন, ‘তারা চলাফেরা করতে পারুক বা না পারুক, সবাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। রাত দুটায় ঘুম থেকে তুলে সরিয়ে নেওয়া তাদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে যারা সম্পূর্ণ অন্যের সহায়তার ওপর নির্ভরশীল, তাদের স্থানান্তর ও পরিচর্যা আরও কঠিন।’


অন্তত ২৭ দমকলকর্মী আহত

ফ্রান্সের জিরোন্দ অঞ্চলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের পরিচালক মার্ক ভেরমুলেন জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ২৭ জন দমকলকর্মী আহত হয়েছেন।

এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পাঁচজন কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং একজন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন।

এখন পর্যন্ত ফ্রান্স বা স্পেনে দাবানলে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতের ঘটনা আগুনের ভয়াবহতা ও উদ্ধারকাজের ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে তুলেছে।

তথ্যসূত্র: বাংলানিউজ