শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস

সোনার দেশ ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য শাস্তি বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বিল পাস করেছে ভারতের সংসদ। তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলন এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) পাস হওয়া এই বিলে প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর এবং সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ১ মিলিয়ন ডলারের বেশি করার বিধান রাখা হয়েছে।

এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা কঠোর শাস্তির এই প্রস্তাবে অনুমোদন দেয়। এরপর গত বুধবার বিলটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়। বৃহস্পতিবার দীর্ঘ বিতর্কের পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও কণ্ঠভোটে এটি অনুমোদন পায়।

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা জুনিয়র মন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় বলেন, “এটি এমন একটি বিষয় যেখানে দেশের প্রতিটি অভিভাবক, প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের স্বার্থ জড়িত। কারণ এই ছোট ছোট শিশুরা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ।”

বিলটিতে এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

সম্প্রতি ভারতে প্রশ্নফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য অনিয়মের প্রতিবাদে টানা কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী ব্যাপক গণআন্দোলন শুরু হয়। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মের ব্যানারে এই প্রতিবাদ পরিচালিত হয়।

সারাদেশের শিক্ষার্থীদের বিপুল সমর্থনে এই আন্দোলন মোদি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আন্দোলনের মুখে গত শনিবার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

গত ২০ জুলাই নয়াদিল্লিতে এই আন্দোলন সহিংস রূপ নেয়। বিশাল জনতা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেধে যায় এবং বহু মানুষকে আটক করা হয়।

সরকারের বারবার দমন-পীড়ন সত্ত্বেও ভারতে জাতীয় ও রাজ্য পর্যায়ের পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁসের ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস এই আন্দোলনকে আরো উসকে দিয়েছিল।

গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ওই মেডিকেল প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

তথ্যসূত্র: রাইজিংবিডি